বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! ৫ শতাংশের বেশি টাকা নেওয়া যাবে না?
বেসরকারি স্কুলের ইচ্ছেমতো ফি বৃদ্ধি নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। অভিভাবকদের উপর বাড়তি আর্থিক চাপ কমাতে বড় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। কোনও স্কুল অতিরিক্ত ফি নিয়ে থাকলে সেই টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে পরের শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে তার হিসাব মিলিয়ে নিতে হবে। শিক্ষাকে কোনও ভাবেই ব্যবসায় পরিণত হতে দেওয়া হবে না বলেও বার্তা দেন তিনি।শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। রাজ্যের প্রথম সারির বেসরকারি স্কুলগুলির প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছিল।মুখ্যমন্ত্রী জানান, সব বেসরকারি স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগ নেই। তবে কয়েকটি স্কুল ৯ শতাংশ, ১২ শতাংশ এমনকি ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে। আবার অনেক স্কুল ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯ শতাংশ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার।সরকারের প্রস্তাব, বেসরকারি স্কুলগুলি বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়াতে পারবে না। ইতিমধ্যেই যে সব স্কুল অতিরিক্ত টাকা আদায় করেছে, তাদের সেই টাকার হিসাব মিটিয়ে দিতে হবে। প্রয়োজনে পরের শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে বাড়তি টাকার সমন্বয় করতে হবে।এই বিষয়টি খতিয়ে দেখতে তিন-চারটি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরির পরিকল্পনা রয়েছে। ওই কমিটি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা বা বিধি চালু করতে চায় রাজ্য সরকার।বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে। বিহারে বছরে সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির নিয়মও রয়েছে। তবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতি আলাদা। তাই অন্য রাজ্যের নিয়ম হুবহু এ রাজ্যে চালু করার পক্ষে নন তিনি।মুখ্যমন্ত্রীর আশা, আইন তৈরি করার প্রয়োজন হবে না। স্কুল কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হবে। তবে অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না, সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।এ ছাড়াও অভিভাবক ও বেসরকারি স্কুলগুলির সুবিধার জন্য দুটি নতুন পোর্টাল চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে স্কুলশিক্ষা দফতরের উদ্যোগে এই পোর্টালগুলি চালু হওয়ার কথা। একটি পোর্টাল ব্যবহার করতে পারবে বেসরকারি স্কুলগুলি। অন্যটি তৈরি করা হচ্ছে অভিভাবকদের জন্য।বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে সেই সমস্যার কতটা সমাধান হয়, এখন সেটাই দেখার।

